by newsside24_01 | জানুয়ারি ২৮, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ
ঢাকা: আশুলিয়ায় এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের আশুলিয়া থানাধীন ছয়তলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আজাদ (৩১) সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ইউনুসের ছেলে।
আহতের স্বজনরা জানান, দুপুরে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে আসে আজাদ। সেসময় কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আজাদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে অপারেশন থিয়েটারে প্রেরণ করা হয়। তবে রুগীর অবস্থা আশংকাজনক।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল করা হয়েছে। ঘটনার মোটিভের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Source URL: https://newsside24.com/?p=2432
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.