by newsside24_01 | মার্চ ১, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(০১ মার্চ) পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত সুমন ফকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার অপর দুই সহযোগী সজীব এবং রাসেল।
পুলিশ সূত্রে জানা যায়, সুমন ফকির তার সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়নে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি করে আসছিল। ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে আড়াই লক্ষ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ সামগ্রী চাঁদার দাবিতে জোরপূর্বক নিয়ে আসে। এ সময় তারা প্রতিবাদ করলে তাদেরকে মারধরসহ নারীদের শ্লীলতাহানি করে। এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমন কে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা বলেন, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া জানান, গ্রেফতারকৃত আসামি সুমন সহ তার দুই সহযোগীকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Source URL: https://newsside24.com/?p=2582
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.