by newsside24_01 | মার্চ ৮, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ
বরিশাল নগরীর ৮ সড়কে ব্যাটারীরিক্সা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ৮ টি সড়কে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেল চালিত রিক্সা শ্রমিকরা।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভ সমাবেশে রিক্সা চালকরা বলেন, বরিশালে ব্যাটারিচালিত রিক্সা দিন দিন বাড়ছে। ফলে নগরীর জুড়ে দীর্ঘ যানজট সহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোড সহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। তাদের দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন রিক্সা শ্রমিকরা। তাদের দাবি, রোজায় এখন তারা ২০০ টাকাও আয় করতে পারছেন না। এসময় তারা নগরীর সদর রোড, জিলা স্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডসহ ৮ টি সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মো. চান মিয়া, দুলাল, আলমগীর হেসেন, শাজাহান মিয়া সহ আরো অনেকে।
এদিকে রিক্সা চালকদের বিক্ষোভে সাধারণ মানুষ ও ব্যাটারি চালিত রিক্সার মাধ্যমে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা যোগ দেন।
Source URL: https://newsside24.com/?p=2619
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.