বরিশালে পুনঃতফসিল ঘোষণায় আইনজীবীদের সংবাদ সম্মেলন

by newsside24_01 | মার্চ ৮, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ

Spread the love

 

বরিশাল: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্রের ফরম বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগপন্থী আইনজীবী এবং বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহীদের ফরম দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন একদল আইনজীবী।

ফরম কিনতে গেলে অনেক সম্ভাব্য প্রার্থীকে নির্বাচন কমিশনের কক্ষে প্রবেশের আগেই গেটে আটকে দেওয়া হয় বলেও দাবি তাদের।

এ ঘটনার প্রতিবাদে আজ ৮ মার্চ র‌বিবার দুপু‌রে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আইনজীবীদের একটি অংশ পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে।

তফসিল অনুযায়ী, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী গত ৫ মার্চ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়। এক দিনই ছিল ফরম বিক্রির সময়সীমা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপির সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা নির্বাচন কমিশনের কার্যালয় ঘিরে রেখে অন্যদের মনোনয়ন ফরম কেনায় বাধা দিয়েছেন।

আওয়ামী লীগপন্থী আইনজীবী দেলোয়ার হোসেন দিলু বলেন, তিনি সভাপতি পদে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে ফরম কিনতে গেলেও তাঁকে ফরম দেওয়া হয়নি।

তিনি বলেন, দুপুর ২টার দিকে ফরম আনতে গেলে আমাকে এবং আরও অনেককে গেটে আটকে দেওয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদের একটি বক্তব্য নিয়েও সংবাদ সম্মেলনে উপস্থিত আইনজীবীরা প্রশ্ন তোলেন।

তাঁদের দাবি, আবুল কালাম আজাদ হলরুমে এসে বলেন, “এই হাউস কি মনে করে ফ্যাসিস্টদের ফরম দেওয়া যাবে?”

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কাজী মনির বলেন, মনোনয়ন ফরম কিনতে গেলে প্রধান নির্বাচন কমিশনার ফরম দিতে অপারগতার কথা জানান।

তাঁর অভিযোগ, একটি পাতানো নির্বাচনের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, একদলীয় নির্বাচন আয়োজনের নীলনকশা করা হচ্ছে। সাধারণ আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে পুনঃতফসিল ঘোষণা করা প্রয়োজন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম সাদিকুর রহমান লিংকন। তিনি বলেন, আমার সামনে পর্যন্ত যারা আসতে পেরেছেন, তাদের মনোনয়ন ফরম দেওয়া হয়েছে। বাইরে কী হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।

Source URL: https://newsside24.com/?p=2622