by newsside24_01 | মার্চ ২৯, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত ও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন ইতি চক্রবর্তী (৪৫)। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত যাত্রী পবিত্র মজুমদার (৫০)। তিনি বরিশাল নগরীর কাটপট্টি এলাকার সুন্দরী জুয়েলার্সের স্বত্বাধিকারী।
হাইওয়ে পুলিশ জানায়, ‘গ্রিনভিউ পরিবহন’ নামের বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাচ্ছিল। ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বাসটি বাটাজোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন গুরুদাস চক্রবর্তী (৪৫), তাঁর মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং আরও কয়েকজন যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি মো. শামিম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি দুপুরের দিকে র্যাকার দিয়ে খাদ থেকে তোলা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Source URL: https://newsside24.com/?p=2676
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.