বরিশাল: বরিশালের গৌরনদীর রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্তী (৪৬) ব্যবসায় লোকসানের কারণে ঋণের বোঝায় জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (১২ মে) সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহত মানিক চক্রবর্তী শাওড়া গ্রামের মৃত জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে।
স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক চক্রবর্তী দীর্ঘদিন থেকে রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যাল নামের একটি কোম্পানি পরিচালনা করে আসছিল। সম্প্রতি ব্যবসায়িক লোকসানের কারণে তিনি বিপুল পরিমাণ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের চাপের কারণে তিনি কয়েক দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন।
সূত্রে আরও জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের পাশের একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মানিক চক্রবর্তী আত্মহত্যা করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


