বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দাড়িয়াল ইউনিয়নের নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। উপপরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকার শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

বরিশাল:  নগরের একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম নামের সরকা‌রি প্রাথমিক বিদ্যালয়ের এক সাবেক শিক্ষিকার হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে তাঁর কোনো সাড়া না পেয়ে স্বজনেরা বাসায় গিয়ে মরদেহটি দেখতে পান।

আজ বৃহস্পতিবার ভোররাতে নগরের ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজীম সড়কের ময়নারপুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমেনা খানম হিজলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। কিছুদিন আগে অবসরে যাওয়ার পর তিনি ময়নারপুল এলাকায় বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন।

কয়েক দিন ধরে ঢাকায় থাকা আমেনা খানমের বড় ছেলে মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বিষয়টি তিনি খালাতো ভাই কলিম উদ্দিনকে জানান। রাতে কলিম উদ্দিন ওই বাসায় গিয়ে দরজায় তালা দেখতে পান। এর মধ্যে মধ্যরাতে বাসা থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটেরা বিষয়টি বাড়ির মালিককে জানান।

কলিম উদ্দিনের মাধ্যমে খবর পেয়ে বড় ছেলে ঢাকা থেকে বরিশালে আসেন। পরে পুলিশকে সঙ্গে নিয়ে ভোররাতে বাসার তালা খুলে তিনি ঘরের ভেতর মায়ের হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমেনা খানম কীভাবে এবং কেন মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। #