অনলাইন ডেস্ক : বরিশালে মোঃ কিবরিয়া খান (কেবু) নামে মহানগর যুবদলের এক সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের জানুকি সিংহ রোড এলাকার বাসু মিয়ার গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামলা চলমান একটি জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা কিবরিয়া খানের ওপর এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত কিবরিয়া খান অভিযোগ করে বলেন, জানুকি সিংহ রোডের বাসু মিয়ার গলিতে মামলা চলমান জমিতে বালি ভরাটের খবর পেয়ে তিনি সেখানে বাধা দিতে যান। এতে ক্ষুব্ধ হয়ে ইমন, ইশান, শান্ত, সিমান্ত, তপু ও শাকিলসহ অজ্ঞাত পরিচয়ের আরও ২০ থেকে ২৫ জন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে পুলিশ জানায়, বালি ভরাটকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মামলা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


