বরিশাল: বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবেই ফ্যাসিবাদকে বিদায় করেছে। ভবিষ্যতেও মতবিরোধ থাকলেও তা সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বিরোধিতার নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
বুধবার সকালে বরিশাল নগরীর আমতলা মোড়ে জুলাই স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে সংসদ অকার্যকর হয়ে পড়ে এবং বিচার বিভাগও ক্ষতিগ্রস্ত হয়।
মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। সেই আন্দোলনে যারা তখন শিশু-কিশোর ছিল, তারাই পরে জুলাইয়ের যোদ্ধা হিসেবে সামনে আসে। আবু সাঈদের মতো অনেকেই জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন এবং সেই ধারাবাহিকতায় গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মতপার্থক্য থাকতে পারে, তবে তার সমাধান সংসদেই হতে হবে, রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে নয়। এসময়
বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে জুলাই শহিদদের শ্রদ্ধা জানানো হয়।


