TT Ads

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বাইজিদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম টিয়াখালী গ্রামে ওই ঘরে ঝুলন্ত অবস্থায় যুবককে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। মৃত বাইজিদ পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ভ্যান কালামের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ফোরকান মোল্লা বলেন, টিয়াখালী ওই এলাকায় ভ্যান কালাম জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছেন। ওখানেই দীর্ঘদিন মেম্বারের বাড়ির সামনে একটি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে মরদেহ পাওয়া গেছে। আমি খবর পেয়ে এসে দেখি ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছে ছেলেটি। পরে পুলিশে খবর দিয়েছি।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই যুবকের বয়স আনুমানিক ২৭/২৮ বছর হতে পারে। তবে মৃতদেহের পরনে শুধু জিন্সের কাটা হাফ প্যান্ট রয়েছে। এছাড়া শরীরে উপরিভাগ বিবস্ত্র।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা না অন্য কোন বিষয় রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর আসল কারন জানা যাবে

আমরা সব বিষয় মাথায় রেখেই তদন্ত করব।