বরিশাল: সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের আয়না। আয়না যেমন মানুষের ত্রুটি দেখিয়ে দেয়, তেমনি সাংবাদিকও তার লেখনী ও প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্র ও সমাজের ভুল-ত্রুটি তুলে ধরে সংশোধনের সুযোগ সৃষ্টি করে। তাই সভ্য সমাজে সাংবাদিকতার বিকল্প নেই।
সাংবাদিকদের সঙ্গে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় একথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ মানেই শুধু আর্থিক সহায়তা বা অনুদান নয়, বরং দ্রুত বদলে যাওয়া প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের বাস্তবতায় সাংবাদিকদের টিকে থাকার সক্ষমতা গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মন্ত্রী আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের একটি বহুল উদ্ধৃত বক্তব্যের উল্লেখ করে বলেন, রাষ্ট্রের অস্তিত্বের পাশাপাশি সত্য ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাই সাংবাদিকতার মূল শক্তি।


