বরিশাল: বরিশালে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন এলাকার একটি ডোবা থেকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ার হোসেন(৬০) বরিশাল সদর উপজেলার ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির একজন কর্মী ছিলেন। পেশায় বাজারের ইজারাদার ও গরু ব্যবসায়ী ছিলেন তিনি। তাঁর বাড়ি উত্তর কড়াপুর গ্রামে। তিনি মৃত নজির চৌধুরীর ছেলে।
এলাকাবাসী জানান, দেলোয়ার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলের কাছে তাঁর ব্যবহৃত একটি বাইসাইকেল ও গলার মাফলার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন রাস্তায় সাইকেল ও মাফলার পড়ে থাকতে দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সড়কের পাশের একটি ডোবায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি দাবি করেন, দেলোয়ার বিএনপির সক্রিয় কর্মী ছিলেন এবং পূর্বে মামলা-হামলার শিকার হয়েছেন। পারিবারিক জমিজমা নিয়ে তার সঙ্গে স্বজনদের একটি পক্ষের বিরোধ ছিল বলেও জানা গেছে।
বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে মরদেহ ডোবার পানিতে ফেলে যায়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




