নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) বরিশাল শাখার উদ্যোগে আয়োজিত ‘সিএসআই-আইসিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে চন্দ্রদ্বীপ লিজেন্ডস। রানার্সআপ হয়েছে সুগন্ধা স্ট্রাইকার্স।
শুক্রবার (২৪ জুলাই) বরিশাল নগরের গির্জা মহল্লার এ. কে. স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে চন্দ্রদ্বীপ লিজেন্ডস।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, বিসিএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আহসানুল ইসলাম এবং বিসিএস বরিশাল শাখার চেয়ারম্যান সৈয়দ মো. রইচ উদ্দিন আতিকসহ শাখা কমিটির নেতৃবৃন্দ।
বিসিএস বরিশাল শাখার চেয়ারম্যান সৈয়দ মো. রইচ উদ্দিন আতিক বলেন, খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা গড়ে তোলে। আইসিটি খাতের পেশাজীবীদের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতা বাড়াতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

 

বরিশাল: বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে ডাকাতির সরঞ্জামসহ আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
​আজ ২২ জুলাই (বুধবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের বৌদ্ধপাড়া, তেমাথা পশ্চিম বগুড়া জামে মসজিদের বিপরীত পাশে অভিযান চালিয়েছে ডিবির একটি চৌকস দল। এসময় ডাকাতির বিপুল সরঞ্জামসহ এক আসামিকে আটক করেছে দলটি। ডিবি সূত্রে ​জানা গেছে, গ্রেপ্তারকৃত এই ব্যক্তি হত্যা মামলাসহ অন্তত ৩৩টি মামলার এজাহারভুক্ত আসামি।

 

বরিশাল: ‘একটি সুস্থ শহর, একটি নিরাপদ সমাজ’—এই লক্ষ্যকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হলো মাসব্যাপী ব্যাপক হারে
বুধবার সকাল সাড়ে ১০ টায় নগর ভবনে বরিশাল সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এই অভিযানের আওতায় নগরীর পথকুকুর ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকার আওতায় আনা হচ্ছে। গণটিকার এই পদক্ষেপে জলাতঙ্কের ঝুঁকি কমবে এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে বলে উদ্বোধক তিনি তার বক্তব্যে বলেন।

 

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বদ্ধ রুমে অর্ধগলিত ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি মেস কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে মেসের অন্য বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আত্মহত্যা কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

 

ঝালকাঠী: ঝালকাঠি শহরের একটি ভবনে ডাকাতেরা ঢুকে এক নারীকে খুন করে মালামাল নিয়ে পালিয়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের টিঅ্যান্ডটি এলাকার তপন হালদারের তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। খুন হওয়া নারী মলিনা রায় (৫০)। তাকে হাত-পা বেঁধে মাথায় বস্তা পেঁচিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

মলিনা রায় ওই ভবনের নিচতলার ভাড়াটিয়া রতন রায়ের স্ত্রী। রতন রায় কর্মসূত্রে ঢাকায় থাকায় মলিনা রায় মেয়ে পূজা রায়কে নিয়ে বসবাস করতেন।

পূজা রায় জানান, সকালে রথযাত্রা উপলক্ষে আমরা সবাই কৃত্তিপাশায় গিয়েছিলাম। রাতে ফিরে এসে দেখি নিচতলার ভাড়াটিয়া, দ্বিতীয় তলায় আমার বাসা এবং তৃতীয় তলার ভাড়াটিয়ার বাসার তালা ভাঙা। ঘরের ভেতরের সবকিছু তছনছ হয়ে আছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ভবনের বাসিন্দারা কৃত্তিপাশা–ভিমরুলী এলাকায় রথযাত্রায় অংশ নিতে যান। সে সময় ভবনের বাসিন্দাদের মধ্যে শুধু মলিনা রায় বাসায় ছিলেন। রাত পৌনে ৮টার দিকে বাসিন্দারা ফিরে এসে নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত বিভিন্ন বাসার দরজার তালা ভাঙা দেখতে পান। মলিনার মেয়ে পূজা রায় বাসার দরজা খোলা এবং ঘরের ভেতরের আসবাব তছনছ অবস্থায় দেখতে পান। ঘরের ভেতরে ঢুকে তিনি তাঁর মাকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এসে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এই খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং লুট হওয়া মালামালের পরিমাণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে।

ভবনের মালিক তপন হালদার বলেন, ‘সকালে রথযাত্রা উপলক্ষে আমরা সবাই কৃত্তিপাশায় গিয়েছিলাম। রাতে ফিরে এসে দেখি নিচতলার ভাড়াটিয়া, দ্বিতীয় তলায় আমার বাসা এবং তৃতীয় তলার ভাড়াটিয়ার বাসার তালা ভাঙা। ঘরের ভেতরের সবকিছু তছনছ হয়ে আছে। পরে নিচতলার ভাড়াটিয়ার মেয়ে তাঁর মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আমরা সেখানে যাই।’

তৃতীয় তলার ভাড়াটিয়া পল্লবী বড়াল বলেন, ‘ফিরে এসে দেখি নিচতলায় একজনকে হত্যা করা হয়েছে। আমার বাসা ও বাড়িওয়ালার বাসা থেকে টাকাপয়সা ও মূল্যবান জিনিস নিয়ে গেছে।’

চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এসে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, মরদেহ ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে আছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

বরিশাল: বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ৩ টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ হয়। সমাবেশে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণ প্রায় ৭০ ভাগ রায় দিয়েছে,ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। গণভোটকে ব্যর্থ করে দিলে আপনাদের ব্যর্থ করে দেয়া হবে। গণভোট মানতে জনগণ বাধ্য করবে।

তিনি বলেন, ধোকার পথে পা বাড়াবেন না। আমাদের সাফ কথা গণভোটের গণরায় মানতেই হবে। যারা গণভোটের ভোট মানে না, তারা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই ফিরে আসুন, জনগণের রায়ের প্রতি আপনার সম্মান করুন। বৈষম্যের জন্য জুলাই হয়নি, বৈষম্যের কবর রচনার জন্য জুলাই হয়েছিল। সময় থাকতে সচেতন হন, মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুন, বলেন আমীরে জামায়াত।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের দাবিতে আজ ১৮ জুলাই শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের ঐতিহ্য নিয়ে গড়ে উঠা জুলাই স্মৃতি জাদুঘর ভুলিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। জুলাই স্মৃতি জাদুঘরে কোনো পরিবর্তন করা হলে আমরা আবার গর্জন করব। আমরা চুপ থাকবো না তার প্রতিবাদ করব। ঐতিহ্য গায়েব করা হয়ে থাকলে-তার ষোলো আনা আদায় করে ছাড়ব। জুলাইকে ধামাচাপা দিতে কত কসরত!

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চব্বিশের তরুণ প্রজন্ম ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে আমরা বাংলাদেশের নাগরিকদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা এখনো হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিইনি; তবে জনগণের দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে, সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও সরকার সংস্কারের পক্ষে কথা বললেও বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায়কে উপেক্ষা করে শুধু প্রতিশ্রুতি দেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জনগণের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক প্রহসন মেনে নেওয়া হবে না।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেন, আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই।, তাদের উসকানিমূলক বক্তব্যে আমরা কান দেবো না। আমরা চাই এদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, মাস্তানি বন্ধ হোক। কিন্তু বিএনপি এসব শুনছে না। তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি, বলেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, দেশের ৭০ ভাগ জনগণ গণভোটে হ্যাঁ- এর পক্ষে রায় দিয়েছিল। জনগণ চেয়েছিল সংবিধান সংস্কার করে আগামী দিনে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ কায়েম করার জন্য। কিন্তু আমরা দেখলাম বর্তমান সরকার জাতীয় সংসদে থার্ড মেজরিটির গরমে তাঁরা সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে এক তরফা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। এই সমাবেশ থেকে সরকার গঠিত খেলনা সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করলাম।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেন, গত ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য গণভোটে প্রায় ৬৯% মানুষ হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। সুতরাং, এই সংবিধানকে সংস্কার করার জন্য ৬৯ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা যাবে না। আর ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধের সংবিধান না- সেটা আওয়ামী লীগের সংবিধান। এটি চলতে দেওয়া যায় না। আমরা চলতে দেব না। আমরা ৭২-এর সংবিধান বাংলাদেশে চলতে দেব না, দিতে পারি না।

এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ সালে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, তা শুধু স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একটি ঘটনা নয়; এটি গত আটশ বছরের বাংলা অঞ্চলের ইতিহাসেও একটি ঐতিহাসিক ঘটনা। যারা মনে করছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বুক চিতিয়ে, বুলেটকে সামনে রেখে, শত বাধা উপেক্ষা করে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ এবং দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে—তাদের ভয় দেখানোর জন্য বিদেশি গণমাধ্যমে রাতের আঁধারে সাক্ষাৎকার দিলেই বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে, তারা ভুল করছেন। জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা, বিকৃতি বা শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগকে খাটো করার বিরুদ্ধে সংসদে আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানান ব্যারিস্টার ফুয়াদ।

বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাকশাল ও ভারতীয় অধিপত্যবাদ থেকে বাঁচার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। ৫ আগস্টের পর তারা চাঁদাবাজিতে নতুনত্ব এনেছে, আর ক্ষমতায় যাওয়ার পর গুম কমিশনকেই গুম করে ফেলেছে। বিএনপি আওয়ামী লীগের মতোই সব অপকর্ম করে যাচ্ছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, যারা মানুষের অঙ্গ-প্রত্যঙ্গে চাপ দিয়ে চাঁদা দাবি করে- তাদের কাছে উন্নয়ন দাবি করে কোনো লাভ নেই। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে, তাদের সাথে কোনো আপস নেই, মুনাফিকদের সাথে আপস নেই।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান বলেন, বাংলাদেশের সামনে রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার, সুশাসন, গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক সংস্কার প্রয়োজন। জনগণের সকল অধিকার ও রাষ্ট্র সংস্কারের দাবি আদায়ে আমি দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, নিয়োগ বাণিজ্য চলছে। যারা নির্বাচনের আগে ওয়াদা দেন একরকম, আর কাজ করেন ভিন্ন- তারাই মুনাফিক। বরিশালের উন্নয়নে জাতীয় সংসদে বিভিন্ন দাবি তুলে ধরায় প্রধান অতিথি ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের প্রতি বরিশালবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবদীন, বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জব্বার, বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিমসহ ১১ দলের কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগরী ও জেলা পর্যায়ের নেতারা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি(বিডিপি) মহাসচিব নিজামুল হক নাঈম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠন আরিফুল ইসলাম আদিব, এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ।

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবুল হোসেন ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরে চৌকি আদালত আইনজীবী সমিতি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সব পদের মনোনয়ন ফরম বিক্রি করে নির্বাচন কমিশন। কিন্তু মনোনয়ন দাখিলের নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের কাছে একটি করে মনোনয়ন ফরম জমা পড়ে। এতে আজ নির্ধারিত দিনে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ।
এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা চৌকি আদালতের আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়।
এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নতুন কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন পুন:নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে।
অবৈধভাবে রাস্তা নির্মাণে বাধা দিলে কাফি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রায় এক সপ্তাহ আগে কাফি তার ক্রয়কৃত জমিতে প্রবেশের জন্য ওই রাস্তাটি নির্মান করেন। কাফি ২০২৬ সালের ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন। কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৫৪ সালে রজপাড়া মৌজার খঞ্জন আলী হাওলাদারের কাছ থেকে ৩ একর ৩৩ শতাংশ, ১৯৫৯ সালে মোবারক আলীর কাছ থেকে ৩ একর ৩৩ শতাংশ, ১৯৬৭ সালে এডিএফসি ব্যাংকের নিলাম থেকে ২৯ একর ১৮ শতাংশ এবং এরপরে বিভিন্ন সময়ে আরও কয়েকজন মালিকের কাছ থেকে ৪ একর ৮০ শতাংশ জমি ক্রয় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব জমি বছরের পর বছর বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগ দখল করে আসছে। সর্বমোট ৪০ একর ৬৪ শতাংশ জমির মধ্যে রজপাড়া মৌজার জেএল নং-৯ এর বিএস ১২ নং খতিয়ানের ২১ একর ৭৬ শতাংশ জমির খাজনা বঙ্গাব্দ ১৪৩২ সাল পর্যন্ত পরিশোধ করা। বিদ্যালয়টি ২০১৮ সালে জাতীয়করনের পর পরই সরকারী বিধি
অনুযায়ী এসব জমি শিক্ষা মন্ত্রনালয়ের সচিবের নামে দলিল করে দেয়া হয়েছে।
গত সপ্তাহে এ জমির মধ্য থেকে সিক্সলেন সড়কের উত্তর পাশের ৬ শতাংশ জমি দখল করে নুরুজ্জামান কাফি সড়ক নির্মান করে। বিদ্যালয়ে ওই জমির পাশে কাফির রেকর্ডকৃত জমি রয়েছে। তার জমিতে প্রবেশের পথ না থাকার কারনে তিনি সড়ক নির্মান করেছেন বলে জানা গেছে। সড়ক নির্মানের কাজ শুরুর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বাঁধা দিলে তাকে প্রাননাশের হুমকি দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, গত এক সপ্তাহ আগে রাতের আঁধারে কন্টেন্ট ক্রিকেটার নুরুজ্জামান কাফি সিক্সলেনের পাশে অবস্থিত ২১ একর ৭৬ শতাংশ জমির মধ্য থেকে ৬ শতাংশের মতো জমি দখল করে রাস্তা নির্মান করে। আমরা বিষয়টি জেনে
রাস্তা নির্মাণে বাধা দিলে উল্টো আমাদের জীবননাশের হুমকি প্রদান করে। জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে নুরুজ্জামান কাফি বলেন, সবাই বলে ওই জমি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এবং স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছে। এই জমির পিছনে আমার খরিদ করা জমি আছে। কিন্তু চলাচলের কোন রাস্তা নাই। এজন্য আমি স্কুলের প্রধান শিক্ষক রহিম স্যারের কাছে জমিটা খরিদ করার প্রাস্তাব দেই। তখন স্যার বলে স্কুলের জমি দেয়ার তার ইখতিয়ার নেই। এই জমিটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিবের নামে দেয়া হয়েছে। তাদের
সাথে তিনি আমাকে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে আমি জানতে পারি মোবারক পঞ্চায়েতের নাতী সালাউদ্দিন নয়ন পাহলান সহ ওয়ারিশগহ মামলা চালিয়ে উচ্চ আদালত থেকে ওই জমি তাদের পক্ষে রায় পেয়েছে। পরে আমি তাদের কাছ থেকে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে ক্রয় করি এবং ওয়ারিশগন তা বুঝিয়ে দেয়। কয়েকদিন আগে এই জমিতে রাস্তা নির্মাণ শুরু করলে স্কুল কর্তৃপক্ষের লোকজন এসে আমাকে বাধা দেয়। আমার বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। আমি তো এমন প্রভাবশালী লোক না যে, অন্যের জমি দখল করবো। জমির প্রকৃত মালিকের কাছ থেকে জমি কিনে রাস্তা করেছি। আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য স্কুল কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।
এ বিষয়ে জানতে সালাউদ্দিন নয়ন পাহলানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার দাদা মোবারক পঞ্চায়েত ২৯ একর জমি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে দীর্ঘ ৩০ বছর ধরে আদালতে মামলায় চলছিল। স্কুল কর্তৃপক্ষ ওই জমির মালিক দাবী করলেও তারা প্রমাণাদির জন্য কোন কাগজপত্র আদালতে দাখিল করতে না পারায় পটুয়াখালী আদালত এবং ঢাকা সুপ্রিম কোর্ট থেকে ২০২৫ সালের জুন মাসে আমাদের পক্ষে রায় দেন। পরবর্তীতে নুরুজ্জামান কাফির চলাচলের জন্য রাস্তা প্রয়োজন হলে তার কাছে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে জমির দখল বুঝিয়ে দেই। পরে ওই জমিতে কাফি যাতায়াতের রাস্তা নির্মাণ করে। স্কুল কর্তৃপক্ষ রাস্তা নির্মাণে বাধা দেওয়ার আইনগত কোন ভিত্তি নেই। আদালতের রায় মতে ওই জমির প্রকৃত মালিক আমরা ওয়ারিশগন। বর্তমানে ওই জমি আমাদের ভোগ দখলে আছে।

 

বরিশাল:  ১১ দলীয় ঐক্যের উদ্যোগে
আগামী ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশটি শনিবার দুপুর ২টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুলতানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দীন বাবর জানান, দক্ষিণাঞ্চলের অবহেলিত জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সমাবেশকে ঘিরে ঐদিন বরিশালে জনস্রোত তৈরী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পোষ্যবিহীন কুকুর, বিড়াল ও বন্যপ্রানী অপরাধ দমন ও সংরক্ষনের জন্য অনন্য অবদান রাখায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে “প্রান সংহতি” সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এ সম্মাননা প্রদান করেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এসময় সম্মাননা হিসেবে তাকে একটি ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়াসীন সাদেক। উক্ত অনুষ্ঠানে কুয়াকাটা একটি এনিমেল মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এদিকে সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মনজির, সদস্য মাসুদ হাসান ও কাউছারসহ আরো অনেকে।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ইয়াসীন সাদেক কলাপড়ায় যোগদান করার পরেই তিনি বন্যপ্রাণীদের প্রতি অনেক সহানুভূতি দেখিয়েছেন। আমাদের বিপদগ্রস্থ বন্যপ্রাণী উদ্ধারের কাজে তিনি সব সময় আমাদের সহযোগিতা করেছেন। তার কৃতিত্ব আমাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ব্যক্তিগত জীবনে ছোট থেকেই আমার পশু পাখি এবং গাছপালার প্রতি একটা টান রয়েছে। তবে আমার কৃতিত্ব আমি এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখা সদস্যদের উৎসর্গ করছি। কারন তারাই আমাকে মোটিভেটেড করেছে। আমি মনে করি আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। বন্যপ্রাণী নিয়ে মানুষের সচেতনতার অনেক অভাব রয়েছে। মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় আমি বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছি। কলাপাড়া ইতিমধ্যে ১৬ টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে। বিভিন্ন প্রজাতির বন্য পশু-পাখি উদ্ধার করে বনে উন্মুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে একটি এনিমেল সেড তৈরি করা হয়েছে। কুয়াকাটা একটি এনিমেল মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।