বরিশাল: বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়ে গেল শাস্ত্রীয় সংগীতের এক আসর। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর সদর রোডস্থ শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে ‘সুরসাকী’ সংগীতালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এই আসর। নগরীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণি পেশার সংগীতানুরাগীগণ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রবীণ সংস্কৃতিজন অধ্যাপক দীপংকর চক্রবর্তী। প্রথম পরিবেশনা ছিল ইমন রাগে ‘সুরসাকী’ সংগীতালয়ের সম্মেলিত পরিবেশনা। এরপর ঢাকা থেকে আগত নিলয় হালদার সারেঙ্গীর সুরে শ্রোতাদের মোহিত করেন। তিনি পরিবেশন করেন দেশ রাগ। শহরের প্রবীণ শাস্ত্রীয় সংগীতসাধক সন্তোষ কর্মকার, দক্ষিণবঙ্গের গুণী তবলাবাদক গণেশ চন্দ্র রায়, সুরসাকী সংগীতালয়ের কর্ণধার সঞ্জয় হালদার, সুরসাকী পরিবারের সদস্য পুর্ণিমা রায় ও শ্রেয়া রায় একক পরিবেশন করেন। সুরসাকী সংগীতালয়ের কর্ণধার সঞ্জয় হালদার বলেন, বরিশালে শাস্ত্রীয় সংগীতের পূরনো ঐতিহ্যকে পুনরুদ্ধার ও প্রসারের লক্ষ্যে এ আয়াজন করেন। উপস্থিত শ্রোতৃমণ্ডলী এ ধরনের আয়োজন বারবার হোক-এই প্রত্যাশা করেন।


