কলাপাড়া: বিভিন্ন সংবাদমাধ্যমে নিউজ প্রকাশের পর দীর্ঘ ১৫ বছর ঘরবন্দী থাকা কলাপাড়ার সেই সালেহা বেগমকে অবশেষে জরাজীর্ণ বসতঘর থেকে বের করা হয়েছে। পরে প্রশাসনের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দুপুর সাড়ে বারোটায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার ঝুঁকিপূর্ণ ওই ঘর থেকে তাকে বের করে আনেন তার ছেলে জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম। স্বামী আবুল কালামের মৃত্যুর পর গত দেড় দশক জরাজীর্ণ ওই ঘরে জীবন কাটিয়েছেন তিনি। দীর্ঘ এ সময়ে একবারের জন্যও ঘরের বাইরে বের হননি, কারও সঙ্গে বলেননি একটি কথাও। গোসল কিংবা প্রাকৃতিক কাজ কোথায় সারতেন সেটাও ছিলো সবার অজানা। তবে তার মেয়ে লাকী বেগম তাকে খাবার দিতেন। আর তার ছেলে যক্ষা রোগে আক্রান্ত হওয়ায় তিনি তার দেখাশোনা করতে পারেননি। তাকে বাইরে বের করায় উচ্ছসিত এলাকাবাসী। তবে তার চিকিৎসা এবং নতুন ঘর নির্মানের দাবি জানিয়েছেন তারা। এদিকে এ নারীকে চিকিৎসা সহায়তা এবং নতুন ঘর তুলে দেয়ার আশ্বাস দিয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন।


