TT Ads

 

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টায় এবং গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় এই দুর্ঘটনাগুলো ঘটে। প্রথম দুর্ঘটনা বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা থেকে মোটরসাইকেলে করে ৪ বন্ধু বাবুগঞ্জের উদ্দেশ্যে আসছিলেন। পথে গৌরনদীর কটকস্থল এলাকায় মোটরসাইকেলটি সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেহেদী হাসান তুরাগ (৩২) গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দুর্ঘটনা আজ শুক্রবার সকাল ১১ টার দিকে দক্ষিণ বিজয়পুরের শারমিন ক্লিনিকের সামনে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আরাফাত রহমান বাবু (৩২) ঘটনাস্থলেই নিহত হন এবং আসাদুল ইসলাম (৩১) নামে অপর এক আরোহী গুরুতর আহত হন।
গৌরনদী হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে যে, শুক্রবারের দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *