TT Ads

 

মো: শহিদুল ইসলাম স্বপন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৩ নং লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আলমগীর হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার বিকাল ৪ টার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. আলমগীর হোসেন লালুয়া ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি ছিলেন। একজন সহজ-সরল, ত্যাগী ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে কলাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল দশটায় তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।