বরিশাল: বরিশালে দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশেষ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি দপ্তরের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বেলা ১১টায় এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার রোধ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে হয়রানি বা অনিয়মের শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সমন্বয় বাড়ানো, সরকারি সেবার মান উন্নয়ন এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


