TT Ads
Spread the love

 

বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) এবং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)-এর পর্যবেক্ষক আলেঙ্কা সার্নে ও মার্টিন সেরবেজ “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” এর নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ‘মিট দ্য রিপোর্টার্স’ প্রোগ্রামে তথ্য জানান তারা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, ৭১ চ্যানেলের বিধান সরকার, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক জিয়াউল করিম মিনার, অলিউল ইসলাম ও এন আমিন রাসেল সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

পর্যবেক্ষক আলেঙ্কা সার্নে ও মার্টিন সেরবেজ বলেন, “২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ঐতিহাসিক লড়াইটি ছিল প্রকৃত অর্থেই প্রতিযোগিতামূলক, যেখানে মৌলিক স্বাধীনতাকে সম্মান করা হয়েছে। নির্বাচনের আইনি কাঠামো অনেকাংশেই আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল এবং বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে, যা অংশীজনদের আস্থা ধরে রেখেছে এবং নির্বাচনের সততা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছেন। নির্বাচনের প্রতি জনআস্থা ও স্বচ্ছতা বৃদ্ধি এবং ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার ক্ষেত্রে নাগরিক পর্যবেক্ষক, ফ্যাক্ট-চেকার, তরুণ ও নারী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইইউ ইওএম পর্যবেক্ষকগণ লক্ষ্য করেছেন যে নির্বাচন ছিল সুশৃঙ্খল, উৎসবমুখর ও শান্তিপূর্ণ। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ এবং ভোটগণনা কার্যক্রম পরিচালনা করেছেন। প্রক্রিয়ার প্রতিটি ধাপে রাজনৈতিক দলের এজেন্টদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা জোরদার করেছে। একই সঙ্গে রিটার্নিং অফিসারদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফলাফল-সংক্রান্ত নিয়মিত তথ্য প্রদান এবং গণমাধ্যমে প্রচার জনআস্থা বজায় রাখতে সহায়ক হয়েছে। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে অংশগ্রহণ সব ক্ষেত্রে নিশ্চিত করা হয়নি।

ইইউ ইওএম ২০২৫ সালের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করছে এবং নির্বাচনের দিনে সব মিলিয়ে ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়ে কাজ করেছে। এ পর্যবেক্ষকেরা ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন এবং নির্বাচনের দিন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় মোতায়েন ছিল।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *