বরিশাল: বৃষ্টিস্নাত ভোরে বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৮ টায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে বরিশাল নগরীর প্রধান ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
যেখানে বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন। সব ভেদাভেদ ভুলে এক কাতারে ঈদের নামাজ পড়েন সবাই।
এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেন। যেখানে কামনা করা হয়, যেন সব মুসলমান ভালো থাকে। মুসলমানদের আরো বেশি করে সেবা করা জন্য তৌফিক চান আল্লাহর কাছে। নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা একে অপরের সাথে কোলাকুলি করেন।
তবে বৃষ্টি বিঘ্নিত পরিবেশ হওয়ায় মুসুল্লিদের নামাজে অংশ নিতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। অনেক জায়গাতেই ঈদগাহে জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে তা বাতিল করে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গৌরনদী সরকারি কলেজ মসজিদে ঈদের জামাত আদায় করেন। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
অপরদিকে বরিশাল নগরসহ, জেলা ও বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, কোষ্টগার্ডের সদস্যরাও মাঠ পর্যায়ে নিয়োজিত রয়েছেন।




