বরিশাল:  বরিশালে নিরাপদ সড়ক, ফুটওভার ব্রিজ, সিটি বাস চালু সহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে সর্বস্থরের মানুষ।

আজ বেলা ১২ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই কর্মসূচী পালন করে তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, বরিশাল বিভাগীয় শহর হওয়ার পরেও কোন ফুটওভার ব্রিজ নেই। এতে রাস্তা পারাপারে প্রতিনিয়তই দূর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। পাশাপাশি নগরবাসীর জন্য নেই কোন সিটি সার্ভিসের ব্যাবস্থা। দ্রুত এসব সমস্যার দৃশ্যমান সমাধানের দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে নগরবাসীরা বলেন, “আর নয় সড়কে মৃত্যু। পথচারীর পথচলা হোক শান্তি ও নিরাপত্তায়।” তারা আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ এসব স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে দুর্ঘটনা কমবে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

 

বরিশাল:  ঘন ঘন লোডশেডিং প্রতিবাদে ও বিদ্যুৎ- জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বিদ্যুৎ-জ্বালানি বেসরকারিকরণের উদ্যোগ বন্ধের দাবিতে আজ মঙ্গলবার দুপু‌রে বরিশাল নগরীতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ।

সকাল সাড়ে ১০ টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে জনজীবন ও উৎপাদন ব্যবস্থা।

সমাবেশে বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী বলেন, দেশের স্থল ও সমুদ্র অঞ্চলে নিজস্ব গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন বাড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার এবং লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশ থেকে সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

 

কলাপাড়া প্রতিনিধি : “আমাদের ভূমি আমাদের অধিকার,আদিবাসী জীবন ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন” প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ আগস্ট (রবিবার) দুপুরে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এর আয়োজনে আমখোলা পাড়া রাখাইন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলীপুর-গোড়া আমখোলা পাড়া সড়ক হয়ে বিজয় রামা বৌদ্ধ বিহার ও রাখাইন পাড়া প্রদক্ষিণ শেষে রাখাইন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি এমং তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রান ও প্রকৃতির গবেষক পাভেল পার্থ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কারিতাস প্রজেক্ট সমন্বয়কারী জামাল হোসেন, রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন দপ্তর সম্পাদক অংকোছান, সদস্য মেথুস, সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা। এতে বিভিন্ন পাড়ার প্রায় শতাধিক রাখাইন নারী পুরুষ অংশ নেয়।
বক্তরা এসময় বলেন, রাখাইন জনগোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক সাংস্কৃতিক, কৃষ্টি কালচার রক্ষা, জীবনমান উন্নয়নে রাখাইনদের এগিয়ে আসতে। আদিবাসী এই সম্প্রদায় আজ অস্তিত্ব সংকটে রয়েছে। যারা বিস্তীর্ণ বনভূমি জুড়ে আবাসস্থল গড়ে তুলেছে, বসবাস যোগ্য করেছে, নিজ ভূমে তারাই আজ পরবাসী।
তারা আরো বলেন, রাখাইন জনগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য, নাগরিক অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তা না হলে এসম্প্রদয় এক সময় বিলুপ্ত হয়ে যাবে।