তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের গল্প তুলে ধরে বরিশালে ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল
বরিশাল : তরুণদের নেতৃত্বের বিকাশ, স্বাস্থ্য অধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং সামাজিক পরিবর্তনে তাঁদের সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরতে বরিশালে উদযাপিত হয়েছে ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬’।
শনিবার বরিশালের বিডিএস ভবন, ৫ সদর রোডে অপরাজেয় তারুণ্যের উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। “Youth Shaping Tomorrow: Stories of Youth-Led Change” প্রতিপাদ্যে আয়োজিত উৎসবে তরুণদের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের বিভিন্ন গল্প ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বরিশালের উপপরিচালক মেহেবুব মোর্শেদ লিটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অপরাজেয় তারুণ্যের ইয়ুথ অফিসার জয়হরি বিশ্বাস। পুরো আয়োজন সঞ্চালনা করেন সংগঠনটির মেন্টর মো. সিয়াম।
উৎসবের প্রথম পর্বে তরুণদের সাফল্যের গল্প, নিজস্ব উদ্যোগে তৈরি শর্টফিল্ম প্রদর্শনী এবং তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে প্যানেল আলোচনা হয়।
এতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, ডেপুটি সিভিল সার্জন ডা. খালেদ মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় হালদার, মেডিকেল অফিসার ডা. তানজিলা তাজিনসহ সংশ্লিষ্টরা অংশ নেন। আলোচনায় প্রান্তিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্য অধিকার নিশ্চিতে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দ্বিতীয় পর্বে ‘From Youth Voice to Youth Action’ প্রতিপাদ্যে ইয়ুথ হেলথ কাউন্সিলের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় কমিউনিটি ও স্কুল পর্যায়ের স্বাস্থ্য সমস্যা, সম্ভাব্য সমাধান এবং তরুণদের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় অ্যালামনাই সেশন। এতে সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। পাশাপাশি সংগীত, নৃত্য পরিবেশনা এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে তরুণ ও স্বেচ্ছাসেবীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বিজয়ীদের হাতে ‘বেস্ট মেন্টর’ ও ‘বেস্ট অ্যাডভোকেট’ অ্যাওয়ার্ড তুলে দেন। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন অপরাজেয় তারুণ্য প্রকল্পের প্রজেক্ট অফিসার সালমা খানম।
আয়োজকরা জানান, তরুণরা শুধু আগামীর স্বপ্নদ্রষ্টা নয়, বরং তাঁদের নেতৃত্ব, সাহস ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বর্তমান সমাজেও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তরুণদের এই অংশগ্রহণকে আরও উৎসাহিত করাই ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যালের অন্যতম উদ্দেশ্য।


