বরিশাল: বরিশাল-৫ (সদর) আসন থেকে এবি পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম নাহিদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে এ সিদ্ধান্ত নেন।
মনোনয়ন প্রত্যাহারের সময় অ্যাডভোকেট তারিকুল ইসলাম নাহিদ বলেন, অতীতে বরিশালে বিভিন্ন সময় বিভিন্ন দলের প্রভাবশালী নেতারা সংসদ সদস্য, হুইপ, প্রতিমন্ত্রী ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেও কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়নি। তিনি বলেন, এখন বরিশালের জন্য সৎ, যোগ্য ও নতুন নেতৃত্ব প্রয়োজন। এ ধরনের নেতৃত্ব ছাড়া বরিশালের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও জানান, এবি পার্টি জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। জোটের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অ্যাডভোকেট নাহিদ বলেন, আমরা চাই হাতপাখা প্রতীক বরিশাল সদর তথা বরিশাল-৫ আসন থেকে বিজয়ী হোক। এই লক্ষ্য অর্জনে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাব।
এদিকে এবি পার্টির এ সিদ্ধান্তকে বরিশাল সদর আসনের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে, জোটগত সমর্থনের ফলে আসনটিতে নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।




