বরিশাল: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকায় খয়রাবাদ সেতুর কাছে তূর্য পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় জড়িত বাস দুটি হলো আবির আব্দুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহন। এর মধ্যে গ্রিন ভিউ বাসটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে আবির আব্দুল্লাহ পরিবহনের বাসটি বরিশালের রূপাতলী থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়েছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধার কাজের পর যান চলাচল স্বাভাবিক হয়।


