বরিশাল: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান ধরপাকড় ও রাজনৈতিক তৎপরতার মধ্যেই বরিশালে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তাহমিদ জামান নাভিদ। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে পুরোনো ছবি এবং সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে নেটদুনিয়া থেকে শুরু করে স্থানীয় রাজনীতির অন্দরমহলে চলছে নানা বিশ্লেষণ। পর্যবেক্ষক ও স্থানীয়দের বড় অংশের প্রশ্ন-রাজনৈতিক পরিচয় ও পারিবারিক বলয়ের ছায়ায় কি তিনি এখনো আলোচনার বাইরে বা ধরাছোঁয়ার আড়ালে রয়েছেন?
সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাহমিদ জামান নাভিদের বেশ কিছু পুরোনো ছবি ছড়িয়ে পড়েছে। এর একটিতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের প্রচারণায় তাকে সক্রিয়ভাবে দেখা যায়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নাভিদ বরিশাল মহানগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তার একাধিক ছবিও সামনে এসেছে, যা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
সংশ্লিষ্ট মহলের দাবি, একসময় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন নাভিদ। বর্তমান পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ড, রাজনৈতিক যোগাযোগ এবং অর্থনৈতিক লেনদেন ও সহযোগিতার বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সচেতন মহলের মতে, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সংযোগের গভীরতা এবং ক্যাম্পাসকেন্দ্রিক ভূমিকা খতিয়ে দেখা জরুরি।
নাভিদের আলোচনার পাশাপাশি সামনে এসেছে তার বাবা আসাদুজ্জামান খসরুর নাম, যিনি বরিশাল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, পারিবারিক রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কারণে নাভিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সেভাবে সামনে আসছে না; বরং বাবার অতীত ও সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান তার জন্য এক ধরনের সুরক্ষা বলয় তৈরি করেছে বলে মনে করছেন অনেকে।
তবে আসাদুজ্জামান খসরুর নিজের রাজনৈতিক পথচলাতেও রয়েছে নানা বিতর্ক। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে একপর্যায়ে বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি। পরবর্তীতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে দলের সঙ্গে তার সম্পর্ক না থাকার বিষয়টি স্পষ্ট করা হয়। এর আগে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার সময়ও বরিশাল জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশাল মহানগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহসহ তাদের পরিবারের সঙ্গে খসরুর ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন ছিল; সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি সেই আলোচনাকে আরও উসকে দিয়েছিল।
রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালেও আসাদুজ্জামান খসরুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্রীড়া সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, ওই সময়ে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে জেলার ক্রীড়াঙ্গনের স্বাভাবিক অগ্রগতি, নতুন খেলোয়াড় তৈরি এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজন ব্যাহত হয়েছে।
অন্যদিকে, রাজনৈতিক পটপরিবর্তনের পর খসরুর নতুন রাজনৈতিক যোগাযোগ নিয়েও বরিশালে কৌতূহল তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরির বিষয়টি স্থানীয় মহলে নজরে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এটিকে পরিবর্তিত বাস্তবতায় নতুন করে প্রভাব বলয় তৈরির কৌশল হিসেবে দেখছেন।
সব মিলিয়ে তাহমিদ জামান নাভিদের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা, বর্তমান তৎপরতা এবং পারিবারিক প্রভাব ঘিরে বরিশালে তৈরি হয়েছে নানা জিজ্ঞাসা। দায়িত্বশীল মহল ও সচেতন নাগরিকদের মতে, নাভিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অনুসন্ধান চালাচ্ছে কি না, তা স্পষ্ট করা দরকার।বিশেষ করে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিশৃঙ্খলায় মদদ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অর্থায়ন কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ থাকলে সেগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন।


