TT Ads
Spread the love

 

সংবাদ বিজ্ঞপ্তি: সমাজকে মানবিক, ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই প্রত্যয়কে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার উদ্যোগে “সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবকদের ভূমিকা” শীর্ষক এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৭ জানুয়ারি) বরিশাল নগরীর বগুড়া রোডে অবস্থিত কেয়ার একাডেমি প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার সভাপতি নাজিউর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ নুসরাত মোনা।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার উপদেষ্টা ডা. সাইফুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও জেলা উপদেষ্টা বাহাউদ্দীন গোলাপ, সরকারি বরিশাল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও জেলা উপদেষ্টা মো. জহিরুল ইসলাম এবং বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের আঞ্চলিক ট্রেজারার দিপালি বাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি শাহানাজ ফাহিমা বিথি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহন হোসেন ও সিফাত ই মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক মীর তানজিল, দপ্তর সম্পাদক মো. মামুন, অর্থ সম্পাদক আবু সাইদ, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ইশতিয়াক আহমেদ, নারী বিষয়ক সম্পাদক সানজিদা নুসরাত আদুরী, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাইম হোসেন খান এবং কার্যনির্বাহী সদস্য মিরাজুল হক।

মুক্ত আলোচনায় বক্তারা নিজেদের অভিমত তুলে ধরেছেন। তাদের মতে, স্বেচ্ছাসেবকরা সমাজের এমন এক শক্তি, যারা বিনা পারিশ্রমিকে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধ জাগ্রত করেন। দুর্যোগ মোকাবিলা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে স্বেচ্ছাসেবকদের অবদান সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।

প্রধান অতিথি ডা. সাইফুল ইসলাম বলেন, “স্বেচ্ছাসেবকরা সমাজের বিভিন্ন খাতে নীরবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। তাঁদের এই নিঃস্বার্থ প্রচেষ্টা আমাদের নতুন স্বপ্ন দেখায়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ বলেন,“আমরা কেবল নির্ধারিত কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবো না; নতুন নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন ও স্বাবলম্বী করে তুলতে কাজ করবো। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবকদের অগ্রণী ভূমিকা অপরিহার্য।”

সরকারি বরিশাল কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম বলেন,“সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব ছাড়া টেকসই রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে হলে তরুণ স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের আঞ্চলিক ট্রেজারার দিপালি বাইন বলেন,“সমাজ পরিবর্তনে নারী ও কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। স্বেচ্ছাসেবার মাধ্যমে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করে।”

সাধারণ সম্পাদক মাহফুজ নুসরাত মোনা বলেন,“যারা কোনো ব্যক্তিগত স্বার্থ বা পারিশ্রমিকের আশায় নয়, বরং সমাজের কল্যাণে স্বেচ্ছায় কাজ করেন—তারাই প্রকৃত স্বেচ্ছাসেবক।”

সভাপতির বক্তব্যে নাজিউর রহমান বলেন,“একটি নিরাপদ ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভার শেষ পর্যায়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সুনাগরিক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *