বরিশাল: বরিশাল জেলার গৌরনদীতে মালামাল বোঝাই নসিমনের চাপায় তুরফা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে গৌরনদী-সরিকল আঞ্চলিক সড়কের পিঙ্গলাকাঠী হাই স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন ফকির জানিয়েছেন, শনিবার সকাল আটটার দিকে রাস্তার পাশে বসে একটি বল নিয়ে খেলা করছিলো গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর মেয়ে শিশু তুরফা।
হঠাৎ করে বলটি রাস্তার ওপর চলে গেলে সেটি আনতে যায় শিশু তুরফা। এ সময় সড়ক দিয়ে মালামাল বোঝাই একটি নসিমন বেপরোয়া গতিতে যাওয়ার সময় শিশু তুরফাকে চাঁপা দেয়।
স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় শিশু তুরফাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি মো: তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




